আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দুর্ঘটনামুক্ত রাখতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক লাল পতাকা স্থাপন করা হয়েছে।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এবং বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ টিম মহাসড়কের ৯টি অতি ঝুঁকিপূর্ণ বাঁকে এই লাল পতাকা স্থাপন করে।প্রতিটি বাঁকে চালকদের সতর্ক করতে সারিবদ্ধভাবে ৫টি করে উভয়মুখী মোট ১০টি লাল পতাকা বসানো হয়েছে। এভাবে ৯টি বাঁকে সর্বমোট ৯০টি লাল পতাকা স্থাপন করা হয়।
যেসব বাঁকে লাল পতাকা স্থাপন করা হয়েছে সেগুলো হলো— চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক, লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগের ও পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক, লোহাগাড়া রাজাঘাটা বাঁক, সাতকানিয়ার মিঠা দিঘী সংলগ্ন বাঁক, চন্দনাইশের খানহাট পুকুর সংলগ্ন বাঁক এবং পটিয়ার পাইরুল মাজার সংলগ্ন বাঁক। বিআরটিএ কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক যানবাহন কক্সবাজারমুখী হয়। এসব ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক লাল পতাকা স্থাপন করলে চালকেরা আগেভাগে সতর্ক হয়ে দুর্ঘটনা এড়াতে পারবেন। তারা আশা প্রকাশ করেন, এই লাল পতাকাগুলো চালকদের অধিক সতর্কতা অবলম্বনে সহায়তা করবে এবং মহাসড়কে দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |