মোস্তফা জাহেদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১৬ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। সিএমপির বিভিন্ন থানায় ওসি পদে কর্মরতদের মধ্যেই কেবল লটারি হয়েছে। এর মধ্যে ১৫ জন ওসির থানা পরিবর্তন হয়েছে এবং একজনকে নগর পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।
রদবদলের কারণ সম্পর্কে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং নগরীর নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
লটারির মাধ্যমে সকল থানা ওসি পদে রদবদল করা হয়। এতে কোতোয়ালী থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়,বাকলিয়ার আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায়, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।
এছাড়া বায়েজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁওয়ের জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।
হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে।
একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর ও ইপিজেড়ের ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। গত ৪ ডিসেম্বর ডিএমপির ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের ১৪ জন ডেপুটি কমিশনারকেও (ডিসি) রদবদল করা হয়।
গত ২ ডিসেম্বর একযোগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭ থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে মোট ৬৩৯ থানার মধ্যে জেলায় আছে ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০ থানা।
জেলা পর্যায়ের ৫২৭ ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮, চট্টগ্রামে ১১১, খুলনায় ৬৪, ময়মনসিংহে ৩৬, বরিশালে ৪৬, সিলেটে ৩৯, রাজশাহীতে ৭১ এবং রংপুরে ৬২ ওসি নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে পদায়নের কথা জানানো হয়। পাশাপাশি কমপক্ষে ৩৩ জন অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |