ঢাকার মৌলভীবাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে বাধা প্রদানের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় কমিটি।
২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার মৌলভীবাজার এলাকায় বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান, হট্টগোল সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো ঘটনা ঘটে। এ ঘটনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য গভীর উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ক্যাব।
স্মারকলিপি হস্তান্তর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস. এম. নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল ছাবেরী এবং চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর।
স্মারকলিপিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, বাজার অভিযান পরিচালনাকালে একজন সরকারি কর্মকর্তাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা নিন্দনীয়, আইনবহির্ভূত এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননা। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ন্যায্য ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং বাজার ব্যবস্থাপনায় অস্থিতিশীলতা সৃষ্টি হবে।
তারা আরও বলেন, সাধারণ মানুষের জীবন-জীবিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় বাজারে নিয়মিত ও কার্যকর অভিযান জোরদারের কোনো বিকল্প নেই।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—জেলা পর্যায়ে বাজার তদারকি অভিযানে নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা, অভিযানে বাধা বা বিশৃঙ্খলার ঘটনায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদার, ব্যবসায়ীদের আইন মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ।
ক্যাব নেতারা বলেন, ভোক্তা অধিকার রক্ষায় সরকারের চলমান উদ্যোগকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |