মোস্তফা জাহেদ :চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) মনিটরিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১১টায় পাঁচলাইশ মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সিসিটিভি মনিটরিং ব্যবস্থার শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার
হাসান মোঃ শওকত আলী। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আরও বলেন, সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পাঁচলাইশ থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে।
তার মতে, এই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা অপরাধ দমন, সন্দেহভাজনদের শনাক্তকরণ এবং দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ করে দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সিসিটিভি নেটওয়ার্ক চালুর ফলে পাঁচলাইশ থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও সহজ হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |