নরসিংদীর রায়পুরায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র ধারণ অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে সাংবাদিকসহ বহু দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটেছে।
বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা থাকলেও আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নারী ও শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলির মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়।
এই সুযোগে সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের পকেট ও ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত বিপুলসংখ্যক পুলিশ সদস্য কার্যকর ভূমিকা রাখতে পারেননি বলেও অভিযোগ করেন অনেকে।
জানা গেছে, অনুষ্ঠানস্থলে প্রায় তিন হাজার অতিথির বসার ব্যবস্থা থাকলেও পাস ছাড়া আরও কয়েক হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে এবং প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এতে পুরো অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদসহ অন্তত সাতজন সাংবাদিকের দামি স্মার্টফোন চুরি হয়েছে বলে জানা গেছে। পরে চরম অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে শত শত পাসধারী অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় ব্যাপক হট্টগোল ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। ভেতরে প্রবেশের পর তিনি নিজের মোবাইল ফোন খুঁজে পাননি। পরে সেখানে থাকা আরও কয়েকজন সাংবাদিক ও দর্শকও তাদের মোবাইল চুরির অভিযোগ করেন।
তিনি জানান, মাত্র এক ঘণ্টার মধ্যে আরও ছয়জন সাংবাদিক, জেলা প্রশাসনের একজন কর্মচারীসহ অন্তত ৪৫ জন দর্শক পুলিশকে মোবাইল চুরির বিষয়টি জানান। তবে ঘটনাস্থলে পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুক বলেন, ‘ইত্যাদি’ অনুষ্ঠান দেখতে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছিলেন। ভিড়ের মধ্যে কিছু চোরও ঢুকে পড়তে পারে। বেশ কয়েকটি মোবাইল ফোন খোয়া যাওয়ার তথ্য পুলিশ পেয়েছে। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোন উদ্ধারের চেষ্টা করা হবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |