বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (আজ) বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই স্থায়ী কমিটির সভায় দলের শীর্ষ নেতারা অংশ নেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী আরেকটি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। পুরো জানাজা কার্যক্রম সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রেখে জানাজা ও দাফনে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় বিএনপির মহাসচিব আরও জানান, খালেদা জিয়ার ইন্তেকালে সরকারিভাবে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকেও সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং প্রতিটি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হবে। এসব কর্মসূচি পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |