মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে ধর্মীয়ভাবে বৈধ হলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটি সামাজিক ও আইনি বিতর্কের বিষয় ছিল। এতদিন প্রচলিত ধারণা ছিল—প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। তবে সাম্প্রতিক এক রায়ে সেই ধারণায় ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন হাইকোর্ট।
মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বলেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির কোনো সরাসরি আইনগত বাধ্যবাধকতা নেই। বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতিই এ ক্ষেত্রে মুখ্য বিষয়।
২৪ পাতার পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী পুরুষের দ্বিতীয় বিয়ে নিয়ন্ত্রণের দায়িত্ব আরবিট্রেশন কাউন্সিলের ওপর ন্যস্ত। সেখানে স্ত্রীর সম্মতিকে শর্ত হিসেবে কোথাও বাধ্যতামূলক করা হয়নি।
আইনি প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে আদালত বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় দ্বিতীয় বিয়ে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হলেও ১৯৬১ সালের আইনের মাধ্যমে পুরুষদের ক্ষেত্রে বিষয়টি সংশোধন করা হয়। সে অনুযায়ী আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীরা। তাদের দাবি, এ সিদ্ধান্তের ফলে বহু বিবাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে এবং নারীর অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বিষয়টি আপিল বিভাগে পুনর্বিবেচনার আহ্বান জানান।
সমাজবিজ্ঞানী ও আইন বিশেষজ্ঞদের মতে, আর্থিক ও সামাজিক বাস্তবতায় এই রায় সমাজে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। অনেক ক্ষেত্রে পুরুষরা এই সুযোগের অপব্যবহার করতে পারেন, যা পারিবারিক অস্থিরতা বাড়াতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে আইন অঙ্গনে ধারণা করা হচ্ছে, আপিল বিভাগে বিষয়টি উঠলে এটি জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |