প্রায় ২২ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে অনুষ্ঠিতব্য জনসভায় তার অংশগ্রহণের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এই সফরকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে কর্মসূচিটি পালন করা হয়।
বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাইলট হাইস্কুল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মিছিল শেষে কোর্ট ভবন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উসমান গণি মৌলিক মাখনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জোরদার করবে।
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |