সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক ছিল এবং আগের বছরের তুলনায় সড়কে দুর্ঘটনার সংখ্যা কমেছে।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “কিছু স্থানে যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
গণপরিবহনে জিপিএস বসানোর উদ্যোগ
মন্ত্রী জানান, গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্থাপন করা হবে। এর মাধ্যমে ফিটনেসবিহীন যানবাহন ও আইন লঙ্ঘনের ঘটনা সহজে শনাক্ত করা সম্ভব হবে।
হাইওয়ে পুলিশ আরও সক্রিয় হবে
তিনি বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ফেরিতে গাড়ি ওঠানোর নতুন নিয়ম
ফেরিতে গাড়ি ওঠানোর আগে বাসের সব যাত্রী নামানো নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এ বিষয়ে ব্যারিয়ার স্থাপনসহ প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দেওয়া হয়েছে।
ট্রাক-লরি চলাচলে অনিয়মের অভিযোগ
ঈদের আগে ও পরে নির্ধারিত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাক-লরি চলাচল অব্যাহত ছিল বলে অভিযোগ করেন তিনি। এতে কিছু এলাকায় যানজট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
হাইওয়ের পাশে টিকিট কাউন্টার থাকবে না
মন্ত্রী জানান, ভবিষ্যতে মহাসড়কের পাশে অনিয়ন্ত্রিত টিকিট কাউন্টার রাখা যাবে না। এগুলো নির্ধারিত বাসস্ট্যান্ডে স্থানান্তরের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |