চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্য আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দান এবং আশপাশের এলাকায় সকাল থেকেই মানুষের ঢল নামে। বিভিন্ন বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শুরু হওয়া বলীখেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শক্তিমান বলীরা অংশ নেন। বিশেষভাবে প্রস্তুত করা মঞ্চে একে একে লড়াইয়ে নামেন প্রতিযোগীরা। দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর শিসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ এলাকা। শেষ পর্যন্ত সেরার মুকুট জয়ের লক্ষ্যে বলীদের মধ্যে চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।
বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ ও আশপাশের সড়কে বসেছে বৈশাখী মেলা। মেলায় রয়েছে মাটির তৈজসপত্র, বাঁশ-বেতের তৈরি সামগ্রী, খেলনা, গৃহস্থালি পণ্য, মিষ্টান্ন, আচার, শীতলপাটি, অলংকারসহ নানা ধরনের পণ্যের দোকান। শিশু-কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের আয়োজন।
নগরীর লালদীঘি, আন্দরকিল্লা, কোতোয়ালি মোড়, কে সি দে রোডসহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হলেও উৎসবের আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।
চট্টগ্রামবাসীর প্রাণের উৎসবে পরিণত হওয়া এ বলীখেলা ও মেলা শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি নগরীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছরই এ আয়োজন ঘিরে থাকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |