| বঙ্গাব্দ
ad728
ad728

ভালুকায় বেসরকারিভাবে বিজয়ী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু; শান্তি ও সংযমের আহ্বান

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 66942 বার পঠিত
ভালুকায় বেসরকারিভাবে বিজয়ী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু; শান্তি ও সংযমের আহ্বান
ছবির ক্যাপশন: বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন করেন।

১০৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট। এতে ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।

এ আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ২৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৮৫১টি।

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। নারী, পুরুষ ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও প্রশাসনের তৎপরতায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট শেষে প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল উপজেলা পরিষদ হলরুমে জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের কাছে।

বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ভালুকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভোট তিনি আমানত হিসেবে গ্রহণ করছেন এবং দায়িত্ব ঈমানদারিত্বের সঙ্গে পালনের চেষ্টা করবেন। নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কোনো ধরনের আনন্দ মিছিল বা জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। সকলকে ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার ঘোষণা দেন তিনি।

এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও ছিল প্রত্যাশা ও আগ্রহের প্রতিফলন। অনেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় সন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত প্রতিনিধির কাছে উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ভালুকার রাজনৈতিক প্রেক্ষাপটে এ ফলাফল নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা। শিল্পসমৃদ্ধ এ উপজেলায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে।

বেসরকারি ফলাফলের পর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা থাকলেও জনমনে ইতোমধ্যে প্রত্যাশার চাপ স্পষ্ট। জনগণের দেওয়া এই ম্যান্ডেট বাস্তব উন্নয়ন ও সুশাসনে কতটা দ্রুত রূপ পায় এখন সেদিকেই তাকিয়ে ভালুকাবাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর